আ. লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির তথ্য চাইল সংসদীয় কমিটি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে বিগত আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এসব ঘটনায় এখন পর্যন্ত কী ধরনের আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা।
বৈঠকে পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে তাঁদের মধ্যে রেশন কার্ড বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর-সংস্থার শূন্য পদ এবং এসব পদ পূরণে নেওয়া উদ্যোগের বিস্তারিত প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাজেক ইস্যুতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য চেয়েছে সংসদীয় কমিটি। পরবর্তী বৈঠকে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।
অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ভাতা বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের হ্রাসকৃত সম্মানী ভাতা সম্মানজনক পর্যায়ে পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে।
বৈঠকে চলতি অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক এবং সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












