মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই বাংলাদেশি আটক, মোটরসাইকেল জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি-৫৮। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে জলিল হাওলাদার (৪৮) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হাইশুর গ্রামের হারাধন করের ছেলে প্রনব কর (৩১)।
বিজিবি-৫৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সলেমানপুর গ্রামের মো. ফারুকের বাড়ির সামনে অভিযান চালায় বিজিবির একটি টহলদল। এ সময় ভারতে যাওয়ার প্রস্তুতিকালে ওই দুই ব্যক্তিকে একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়। মোটরসাইকেলটির নম্বর ঝিনাইদহ-ল-১১-৪০৮৭। জব্দ মোটরসাইকেলটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ২০ হাজার টাকা।
পরে আটক দুই ব্যক্তি ও জব্দ মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
(ঢাকা টাইমস/৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











