মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৪ হাজার কোটি টাকার প্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় অবতরণ করেন।
মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালও উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)’-এর মধ্যে একটি বিনিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ পিজিআর ও এসএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মোংলার আনুষ্ঠানিক কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাট জেলা সদরে ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে তিনি সড়ক পথে খুলনা জেলা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সব কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











