নিহত শ্রমিকের পরিবার পেল প্রধানমন্ত্রীর ১ লাখ টাকা সহায়তা

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের লক্ষ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার সন্ধ্যায় ৭টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও ন্যায্য অধিকারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাদের বেতন পুনর্নির্ধারণের লক্ষ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গাজীপুরে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার পরও একটি মহল শ্রমিক অসন্তোষকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে রাজনৈতিক সংগঠন কিংবা বহিরাগত কোনো গোষ্ঠী আন্দোলনের পেছনে থেকে উসকানি দিচ্ছে।
মন্ত্রী বলেন, শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠক হয়েছে। বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে শ্রমমন্ত্রী বলেন, সরকার তাদের দাবি ও অধিকার নিয়ে কাজ করছে। তাই রাজপথে আন্দোলন না করে শ্রমিকদের কারখানায় ফিরে উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিক হোসেনের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। তিনি নিহতের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় ভিডিও কলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি তাঁদের প্রতি সমবেদনা জানান এবং সব সময় পাশে থাকার আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন মন্ত্রী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











