ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান মাহদী আমিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ২১:৩৪
অ- অ+

তৈরি পোশাকশিল্পের উৎপাদনশীলতা ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্দোলনরত শ্রমিকদের নিজ নিজ কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণা করা হবে।

বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন। বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মাহদী আমিন বলেন, সাধারণত পাঁচ বছর পরপর মজুরি বোর্ড পুনর্গঠন করা হলেও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় এবার তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রথম বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বৈঠকও দ্রুত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় আলোচনা ও পর্যালোচনা শেষ করে মজুরির বিষয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। মজুরি বোর্ডের নিরপেক্ষতার ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শিল্পের সক্ষমতা ও শ্রমজীবী মানুষের কল্যাণ বিবেচনায় একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি কাঠামো ঘোষণা করা হবে।

শিল্পে অস্থিতিশীলতা ছড়ানোর বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সাধারণ ও শান্তিপ্রিয় শ্রমিকদের আন্দোলনে কিছু বহিরাগত গোষ্ঠী সুযোগ নিয়ে উসকানি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে অনাকাঙ্ক্ষিত সংঘাত ও সহিংসতার সৃষ্টি হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শ্রমিকেরা।

উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে।

দেশের অর্থনীতিতে পোশাকশিল্পের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশের পোশাকশিল্পের ভিত্তি স্থাপিত হয়েছিল। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার সরকারের মেয়াদে এ খাতের সম্প্রসারণ ঘটে। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে পোশাকশিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায়।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড আজ বিশ্বে যে সুনাম অর্জন করেছে, তার পেছনে রয়েছে শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ। সরকার সব সময় শ্রমিকদের পাশে সংবেদনশীলতার সঙ্গে থাকবে।

তৈরি পোশাকশিল্পের উৎপাদনশীলতা ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্দোলনরত শ্রমিকদের অবিলম্বে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে কাজে ফেরার আহ্বান জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ২৭ বছরের মুসলিম তরুণী নাবিলা
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিহত শ্রমিকের পরিবার পেল প্রধানমন্ত্রীর ১ লাখ টাকা সহায়তা
মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ