টঙ্গীর মাঠে তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জিজ্ঞাসাবাদ করা হবে টহল পুলিশকে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১১:০২
অ- অ+

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন করে সামনে এসেছে টঙ্গীর মাজার বস্তি সংলগ্ন মাঠের সেই রাতের ঘটনা। তাহসিফ নিখোঁজ হওয়ার রাতে ওই মাঠে দায়িত্ব পালন করা টহল পুলিশের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে তদন্তকারী দল। গ্রেপ্তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সত্যতা যাচাই করতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, টঙ্গীর হাজী মাজার বস্তি সংলগ্ন মাঠে টঙ্গী পশ্চিম থানা পুলিশের নিয়মিত টহল দল রাতে দায়িত্ব পালন করে। তাহসিফ ও দীপ যেদিন রাতে ওই মাঠে ছিলেন, সেদিন পুলিশের একটি টহল দলও সেখানে গিয়েছিল। এমনকি ওই সময় দীপের সঙ্গে পুলিশ সদস্যদের কথাও হয়েছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই রাতে মাঠে শুধু তাহসিফ ও দীপ ছিলেন না। তাঁদের সঙ্গে আরও কয়েকজনের উপস্থিতির তথ্য পাওয়া গেছে, যাঁদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে সেদিন মাঠে প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তাহসিফ কীভাবে তুরাগ নদে পৌঁছালেন কিংবা তিনি নদে ঝাঁপ দিয়েছিলেন কি না, তা নিয়ে তদন্তে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ওই রাতে মাঠে কোন কোন পুলিশ সদস্য টহলে গিয়েছিলেন, তাঁদের নাম-পরিচয় সংগ্রহ করা হয়েছে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণাদিও তদন্তকারীদের হেফাজতে রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, টহল দলে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। তবে তাঁদের সঙ্গে অনানুষ্ঠানিক কথা হয়েছে। খুব দ্রুত তাঁদের ডেকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। দীপ তদন্তকারীদের কাছে ওই রাতের যে বর্ণনা দিয়েছেন, তার সঙ্গে পুলিশ সদস্যদের বক্তব্য মিলিয়ে দেখা হবে।

তদন্তকারীরা বলছেন, ঘটনার রাতে পুলিশের উপস্থিতি, ধাওয়া খাওয়া এবং মাঠের পরিস্থিতি নিয়ে দীপ যে বক্তব্য দিয়েছেন, তা যাচাই করা হচ্ছে। টহল পুলিশের সদস্যদের পাশাপাশি ওই রাতে মাঠে উপস্থিত অন্য ব্যক্তিদের কাছ থেকেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বিভিন্ন পক্ষের বক্তব্যে কোনো অসংগতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

তাহসিফের শেষ রাতের ঘটনাপ্রবাহ

তদন্ত সূত্রে জানা গেছে, তাহসিফের জীবনের শেষ রাতের বেশ কিছু তথ্য সামনে এসেছে গ্রেপ্তার বন্ধু দীপের দেওয়া বক্তব্যে। তাঁর দাবি অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি বারে মদ্যপান করেন তাহসিফ। পরে প্রেমিকা নিশাত তাসনিম দিশার সঙ্গে বিরোধ ও ঝামেলা হলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

একপর্যায়ে মাদক বা হেরোইন সংগ্রহের উদ্দেশ্যে দীপকে সঙ্গে নিয়ে গভীর রাতে মোটরসাইকেলে টঙ্গীর মাজার বস্তি সংলগ্ন মাঠে যান তাহসিফ।

পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ৯৯৯ নম্বরে খবর পেয়ে টঙ্গী নদী পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল ও ময়নাতদন্তের সময় মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর হাতের নখে কাদা লেগে ছিল।

এ ঘটনায় তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও প্রেমিকা নিশাত তাসনিম দিশাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে নৌ-পুলিশ তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

তদন্তে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন কর্মকর্তারা

তদন্তসংশ্লিষ্টদের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাহসিফ নিখোঁজ হওয়ার রাতের টঙ্গীর মাঠের ঘটনাপ্রবাহ। ওই রাতে পুলিশের টহল দল সেখানে যাওয়ার পর কী ঘটেছিল, তাহসিফকে কেউ ধাওয়া করেছিল কি না এবং তিনি কীভাবে তুরাগ নদে পৌঁছালেন—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

এ জন্য দীপের বক্তব্যের সঙ্গে টহল পুলিশ সদস্যদের বর্ণনা মিলিয়ে দেখা হবে। পাশাপাশি ওই রাতে মাঠে উপস্থিত অন্য ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা শনাক্তের চেষ্টা চলছে।

তদন্ত কর্মকর্তাদের মতে, এসব তথ্য যাচাইয়ের মাধ্যমে তাহসিফের মৃত্যুর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর ধারাবাহিকতা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারের নানা কর্মসূচি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, বড় ধাক্কা ট্রাম্পের
মার্কিনীরা ডোনাল্ড ট্রাম্পকে কার্যত প্রত্যাখান করেছে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭, মামলা ৬৮