আন্তরিকভাবে ‘স্যরি’ বলার ৪ কৌশল, ফিরবে সম্পর্কের বিশ্বাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭
অ- অ+

মানুষের ব্যক্তিগত, পারিবারিক কিংবা কর্মজীবনে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য হওয়া অস্বাভাবিক নয়। কখনো রাগের মাথায় কাছের মানুষের সঙ্গে খারাপ আচরণ, কখনো প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা কিংবা অনিচ্ছাকৃত কোনো ভুলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তবে ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে ক্ষমা চাইলে সেই দূরত্ব কমানো এবং হারানো বিশ্বাস ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়।

কিন্তু শুধু মুখে ‘স্যরি’ বললেই কি ক্ষমা চাওয়া সম্পূর্ণ হয়? বিশেষজ্ঞদের মতে, প্রকৃত ক্ষমা প্রার্থনার জন্য নিজের ভুল স্বীকার, অপরের অনুভূতি বোঝা এবং আচরণে পরিবর্তন আনার মানসিকতা থাকা জরুরি।

স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক ওয়েবসাইট ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমা চাওয়া কেবল ভুল স্বীকারের বিষয় নয়; বরং সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এটি আবেগীয় বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ প্রকাশ।

হার্ভার্ড মেডিকেল স্কুলের মনস্তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোনাল্ড সিগেলের মতে, কোনো বিরোধের ক্ষেত্রে কে বেশি দায়ী, তা নিয়ে ভাবতে গিয়ে অনেকেই নিজের ভুল বা ভূমিকা বুঝতে ব্যর্থ হন। অথচ সম্পর্কের বন্ধন পুনর্গঠনে নিজের অবস্থান বোঝার পাশাপাশি অপর ব্যক্তির কষ্ট ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কে ঠিক বা কে ভুল, সেই বিতর্কে না জড়িয়ে অপর পক্ষের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা উচিত।

ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের প্রয়াত মনোরোগ বিশেষজ্ঞ ও ক্ষমা বিষয়ে গবেষক ডা. অ্যারন লাজারে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার চারটি গুরুত্বপূর্ণ ধাপের কথা বলেছেন।

১. নিজের ভুলের দায় স্বীকার করুন

আন্তরিক ক্ষমা প্রার্থনার প্রথম শর্ত হলো নিজের ভুলের দায়িত্ব নেওয়া। নিজের আচরণে অন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তা স্পষ্টভাবে স্বীকার করতে হবে। দায় অন্যের ওপর চাপানো কিংবা অস্পষ্ট বক্তব্য দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা উচিত নয়।

যেমন, ‘তোমার সঙ্গে যেভাবে কথা বলেছি, তা ঠিক হয়নি। আমার ভুল হয়েছে’—এভাবে সরাসরি নিজের দায় স্বীকার করা যেতে পারে।

২. অজুহাত না দিয়ে ঘটনার ব্যাখ্যা দিন

কোনো ভুলের পেছনে মানসিক চাপ, কর্মব্যস্ততা কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতি কাজ করতে পারে। তবে এসব কারণকে খারাপ আচরণের অজুহাত হিসেবে দাঁড় করানো ঠিক নয়।

কেন এমন আচরণ করেছেন, তা সংক্ষেপে ব্যাখ্যা করা যেতে পারে। তবে স্পষ্ট করতে হবে, পরিস্থিতি যা-ই হোক, অন্যের সঙ্গে খারাপ আচরণ করা সমর্থনযোগ্য নয়।

৩. অনুশোচনা ও দুঃখ প্রকাশ করুন

ক্ষমা চাওয়ার সময় নিজের অনুশোচনার কথা সরাসরি জানানো জরুরি। শুধু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নয়, বরং নিজের আচরণের কারণে অন্য ব্যক্তি যে কষ্ট পেয়েছেন, তা উপলব্ধি করেই দুঃখ প্রকাশ করতে হবে।

‘আমার আচরণে তুমি কষ্ট পেয়েছ, এ জন্য আমি সত্যিই অনুতপ্ত’—এ ধরনের বক্তব্য অপর ব্যক্তির অনুভূতির প্রতি সম্মান প্রকাশ করে।

৪. ভুল সংশোধনের উদ্যোগ নিন

শুধু মুখে দুঃখ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। নিজের আচরণে কারও ক্ষতি হয়ে থাকলে তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে একই ভুল যেন না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

ক্ষমা চাওয়ার সঙ্গে আচরণে পরিবর্তন না এলে সেই ক্ষমা প্রার্থনার গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। তাই কথার পাশাপাশি কাজের মাধ্যমেও আন্তরিকতা প্রমাণ করতে হবে।

ক্ষমা চাইতে গিয়ে যেসব কথা এড়িয়ে চলবেন

ক্ষমা চাওয়ার সময় শব্দ ও বাক্য নির্বাচনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। যেমন, ‘আমার ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। অফিসে কাজের চাপ ছিল, কিন্তু সেই কারণে তোমার সঙ্গে এমন আচরণ করা আমার উচিত হয়নি’—এ ধরনের বক্তব্যে ভুলের দায় স্বীকারের পাশাপাশি ঘটনার প্রেক্ষাপটও পরিষ্কার হয়।

অন্যদিকে, ‘যা হওয়ার হয়ে গেছে’, ‘তুমি যদি এতটা সংবেদনশীল না হতে’ কিংবা ‘ভুলটা তোমারও ছিল’—এ ধরনের মন্তব্য আন্তরিক ক্ষমা প্রার্থনার পরিপন্থী। এসব কথায় অপর ব্যক্তির অনুভূতিকে ছোট করা হয় এবং নিজের দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা প্রকাশ পায়।

বিশেষজ্ঞদের মতে, আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার মূল ভিত্তি হলো নিজের ভুলের দায়িত্ব নেওয়া, অপরের অনুভূতিকে সম্মান করা এবং ভবিষ্যতে আচরণ পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। অহংকার ও আত্মপক্ষ সমর্থনের প্রবণতা থেকে বেরিয়ে এসে এই চারটি বিষয় অনুসরণ করলে সম্পর্কের দূরত্ব কমানো এবং পারস্পরিক বিশ্বাস ও সম্মান ফিরিয়ে আনা সহজ হতে পারে।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সাংবাদিক মারুফ কামাল খানের ইঙ্গিতপূর্ণ ফেসবুক স্ট্যাটাস
অবশেষে সেই সচিব মসিউর রহমান ওএসডি
সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-আরিচা সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ