একই দিনে বিটিভি ও বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন ও বাংলাদেশ বেতারের সামনে একই দিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে বিটিভি ভবনের সামনে এবং রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ আহত হননি।
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনের সড়কের ইউটার্নে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার বিকালে বিটিভি ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কেউ হতাহত হননি।
এদিকে একই দিন মিরপুরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পাপন নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। বিস্ফোরণের পর তার শরীরে আগুন ধরে যায়। এতে শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













