ফতুল্লায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির ধারাবাহিক আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকাল পৌনে ৩টা থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের নারায়ণগঞ্জের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে না পারেন। এ সময় শ্রমিকদের সড়কে টায়ার জ্বালাতে দেখা গেছে।
এর আগে, জেলা ও দায়রা জজ আদালতের পাশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
এর আগে সোমবার দুপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে তারা অবরোধ তুলে নেন।
মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বিকালে অস্থিরতা তৈরি হয়।
(ঢাকা টাইমস/৩নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












