বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তার পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মজাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামে এক বিস্কুট ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টায় বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাস্ট্যান্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম বাবু দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পূর্ব আলোহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাবু রাস্তা পার হচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাক (বগুড়া-ট-১১-১৫৪০) তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা বাবুকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ট্রাক ও ট্রাকের চালককে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/৩নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












