যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সরকারবিরোধী মিছিল, স্লোগান ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ও সকালে কোতোয়ালি মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ফাঁড়ি ও ক্যাম্প পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— যশোর শহরের বেলতলা এলাকার মো. শহিদুল গাজী (৪৭), বাহাদুরপুর স্কুলপাড়া এলাকার গাজী মাসুদ (৩২), ঝুমঝুমপুর এলাকার মো. মামুন রানা (৫০), বড় মেঘলা এলাকার মো. জিয়াউর রহমান (৪০), বানিয়ারগাতি এলাকার মো. জামাল হোসেন (৫৫), হামিদপুর এলাকার মো. ইলিয়াস হোসেন (৫৫) এবং নতুন উপশহরের বি-২২ নম্বর বাসার বাসিন্দা আবুল এহসান সুজন (৪৯)। তারা সবাই যশোরের কোতোয়ালি থানার বাসিন্দা।
পুলিশের আদালতে পাঠানো প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ভোর ৫টা ৫ মিনিটের দিকে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী সমবেত হন। তাঁরা বর্তমান সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, মো. শেখ শহিদ (৪৫) ও যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন অভির নেতৃত্বে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলমান থাকায় গ্রেপ্তার ব্যক্তিদের জামিনে মুক্তি পেলে তদন্ত ও মামলার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ।
(ঢাকা টাইমস/৩নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













