শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন ইসরাইল হাওলাদার, জানুন তাকে নিয়ে

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন ও পোশাকশিল্পে চলমান অস্থিরতার মধ্যে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার। এর আগে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার মোট সাত পুলিশ কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত আইজিপি ও দুজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
ইসরাইল হাওলাদার ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। গত ২৩ আগস্ট অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান তিনি।
ইসরাইল হাওলাদার পেশাগত জীবনে একজন সৎ, বিচক্ষণ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
বরিশালের বাকেরগঞ্জে তার গ্রামের বাড়ি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। তার স্ত্রী একজন চিকিৎসক।
গত বছরের ১৬ নভেম্বর ইসরাইল হাওলাদারকে জিএমপির কমিশনার হিসেবে পদায়ন করা হয়। সেসময় তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ছিলেন। শিল্প পুলিশে দায়িত্ব পালনের আগে ইসরাইল হাওলাদার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ছিলেন।
আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিতের পাশাপাশি পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের দায়িত্বে ছিলেন।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর ইসরাইল হাওলাদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। পরে ভারপ্রাপ্ত যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) হন। ওই বছরের ২৭ আগস্ট ইসরাইল হাওলাদার ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হন। পরবর্তীতে গত আগস্ট মাসে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












