গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হলেন আশিক সাঈদ, জানুন তাকে নিয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮
অ- অ+

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার মোট সাত পুলিশ কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত আইজিপি ও দুজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আশিক সাঈদ। তার নেতৃত্বে রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে জনবান্ধব ও মানবিক পুলিশিং কার্যক্রম জোরদার হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনা, পেশাদারিত্ব বৃদ্ধি এবং দায়িত্ব পালনে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেন তিনি।

সর্বশেষ গত দুর্গাপূজাতেও তার নেতৃত্ব ও সরাসরি তদারকিতে রাজশাহী রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হয়। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে তদারকি করেন তিনি।

মো. আশিক সাঈদ ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এই বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন তিনি। দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত আশিক সাঈদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পেশাগতভাবে কোণঠাসা ছিলেন বলে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে। ওই সময়ে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার শিকার হওয়ার পাশাপাশি তাঁকে পুলিশের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটে দায়িত্ব পালন করতে হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পদোন্নতি পান তিনি। পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) অর্জন করেন।

আশিক সাঈদের বাড়ি মেহেরপুর জেলায়। ২০০১ সালের ৩১ মে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব (জিওলজি) বিষয়ে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একই দিনে বিটিভি ও বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন ইসরাইল হাওলাদার, জানুন তাকে নিয়ে
নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমান
বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী