বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৫:২৯
অ- অ+

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং দেশটির অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৪ ডলার ৪২ সেন্টে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৫৯ সেন্টে পৌঁছায়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগের কার্যদিবসে প্রায় চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল ব্রেন্টের দাম। ইউক্রেন ও ইরানের যুদ্ধ বন্ধে আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদের কারণে বাজারে দরপতন দেখা দিয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে ডেমোক্র্যাটরা। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। একদিকে ইরানে সামরিক অভিযান চলছে, অন্যদিকে বড় ধরনের সংঘাত বাড়ানোর পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন।

ফিলিপ নোভার বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান প্রিয়াঙ্কা সচদেবা বলেন, অক্টোবরে তেলের দামে বড় উল্লম্ফনের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কমিয়ে আনা স্বাভাবিক। তবে হরমুজ প্রণালি ঘিরে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনো রয়েছে।

তেলের দাম বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়ার তথ্যও ভূমিকা রেখেছে। বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ৩০ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ৫২ লাখ ৭০ হাজার ব্যারেল কমেছে। অথচ রয়টার্সের জরিপে অংশ নেওয়া বিশ্লেষকেরা গড়ে ৮ লাখ ৮০ হাজার ব্যারেল মজুত বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন।

একই সময়ে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের মজুত বেড়েছে ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল। অন্যদিকে ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির মজুত কমেছে ১১ লাখ ৯০ হাজার ব্যারেল।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) আনুষ্ঠানিক মজুতের তথ্য বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রকাশ করার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেনাবাহিনীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমার দাবি ‘কাল্পনিক’
কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
এই সংবিধান ও প্রতিশ্রুতি ভঙ্গকারী নেতৃত্ব দিয়ে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়: মজিবুর রহমান  মঞ্জু
এক কিলোমিটার বা দুই কিলোমিটার এর মধ্যে কয়টি মাদ্রাসা বা কিন্ডারগার্ডেন থাকবে?