যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হলেন আব্দুল এল-সায়েদ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৪:৩০
অ- অ+

যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা আব্দুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করে ঐতিহাসিক জয় পেয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে এল-সায়েদের জয়ের মধ্য দিয়ে সিনেটে ডেমোক্র্যাটদের আসনটি দলটির নিয়ন্ত্রণেই থাকল। মার্কিন সংবাদমাধ্যমের পূর্বাভাসের পর বুধবার (৪ নভেম্বর) তার বিজয়ের খবর প্রকাশিত হয়।

সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল-সায়েদের বয়স ৪২ বছর। তিনি মিশিগানের ওয়েইন কাউন্টি ও ডেট্রয়েট শহরের স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পালন করেছেন। সিনেটর গ্যারি পিটার্স অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর আসনটি শূন্য হয়। পরে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেনসকে পরাজিত করে দলীয় মনোনয়ন পান এল-সায়েদ।

নির্বাচনী প্রচারণায় এল-সায়েদের ধর্মীয় পরিচয় বড় ইস্যু হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান নেতারা তার মুসলিম পরিচয়কে কেন্দ্র করে আক্রমণ করেন। তার বিরুদ্ধে উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন এল-সায়েদ। তার সমর্থকেরা এ ধরনের বক্তব্যকে ইসলামবিদ্বেষী প্রচারণা বলে সমালোচনা করেন।

নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রাজনীতিতে করপোরেট প্রভাব কমানোর প্রতিশ্রুতি দেন এল-সায়েদ। তার এই জয়কে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশের জন্যও গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন আব্দুল এল-সায়েদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে ইতিহাস গড়বেন তিনি।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক কিলোমিটার বা দুই কিলোমিটার এর মধ্যে কয়টি মাদ্রাসা বা কিন্ডারগার্ডেন থাকবে?
শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগে চারজনকে নির্যাতন, নিহত ২
দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম