টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগে চারজনকে নির্যাতন, নিহত ২

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং তুলাতলী এলাকা থেকে ইয়াবার চালান লুটপাটের অভিযোগে ৪ জনকে ধরে নিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে দুজন নিহত হয় এবং অপর দুজনকে আহত অবস্থা উদ্ধার করা হয়। হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলিজার পাড়া ও লেচুয়াপ্রাণ থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে নিহত ও আহত ভিকটিমদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ভিকটিমের মধ্যে হোয়াইক্যং ইউনিয়নের তুলতলী এলাকার মৃত আমির হোছনের ছেলে আলী আহমদ (৪০), দৈংগাকাটা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মোক্তার আহমদ (৪৮), কালু পকিরের ছেলে মোহাম্মদ আকবর (৩০), তুলাতলী এলাকার আবুল হোছনের ছেলে মো. ইলিয়াস( ৩৫) বলে জানা যায়। এদের মধ্যে মোক্তার আহমদ ও মোহাম্মদ আকবরকে মৃত পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যং এলাকা থেকে ইয়াবা সংক্রান্ত ঘটনার জেরে মঙ্গলবার একটি গ্রুপ তাদেরকে অপহরণ করে হ্নীলা এলাকার গহীন পাহাড়ে এনে বেদড়ক মারধর করে সকালে একটি সিএনজি গাড়িতে অপহরণকারী চক্র পশ্চিম পানখালী এলাকার ভিলিজার পাড়ায় নিয়ে ফেলে রেখে চলে যায়।
২ জীবিত ভিকটিমদের সাথে কথা বলে জানা যায়, ১০ কাট ইয়াবার চালান তারা ৮ জন মিলে হোয়াইক্যং চেকপোস্ট পার করে দেয়ার সময় ৩ কাট ইয়াবা আত্মসাৎ হয়ে যায় এ ঘটনার জেরে প্রকৃত ইয়াবার মালিকরা তাদের ৪ জনকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। এ ঘটনায় ব্যাপক মারধরের কারণে ১ জন ঘটনাস্থলে নিহত হয়েছে বলে ভিকটিমদের দাবি।
বাকি ৩ জনকে আধমরা করে চোখ বেঁধে ওই এলাকায় নিয়ে ফেলে দিলে পাশ্ববর্তী ক্ষেত খামারে কাজ করতে যাওয়া কৃষকরা সকাল ৭টার দিকে দেখতে পায়। পরে এঘটনা জানাজানি হলে টেকনাফ থানা পুলিশের ওসি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ২ জনকে জীবিত ও একজনকে মৃত উদ্ধার করেছেন। দুপুরে বড় লেচুপ্রাণ এলাকা থেকে আরেক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ জন ভিকটিমকে জীবিত ও ২ জনকে মৃত উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/৪নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












