খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন হুইপ রকিবুল ইসলাম বকুল

জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম স্বাক্ষরিত জারি করা এক নির্দেশনায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। নির্দেশনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে রকিবুল ইসলাম বকুলকে সভাপতি হিসেবে মনোনয়নের কথা উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, রকিবুল ইসলাম বকুল জাতীয় সংসদের হুইপ এবং সংসদ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতিসহ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।
আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনার খালিশপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। তিনি খালিশপুর রোটারি স্কুল থেকে প্রাথমিক এবং খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন । খুলনা বিএল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে তিনি পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত হন। ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের কর্মী হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন। ক্রমান্বয়ে তিনি হল কমিটির সহ-সভাপতি (১৯৮৬-৮৭), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক (১৯৮৮-৮৯), ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়ে ফজলুল হক হল ছাত্রদলের সাধারণ সম্পাদক (১৯৯০-৯১) হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও তিনি পরপর দুই বার (১৯৯৭-৯৮ এবং ১৯৯৮-৯৯) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন । ২০২৩ সালের ৮ জানুয়ারি তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়।
(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











