দিনাজপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের আরও ৩ সদস্য পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন, বিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে। রাত ৯:১৫ ঘটিকায় পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। সেখান থেকে ১ নম্বর আসামি মো. রাসেদুল রহমান দুলাল (২৭)-কে চাবিসহ ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি চোরাই সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে মো. আব্দুল আলিম (৪২), লাল বাবু (৪৩) এবং মো. ইউসুফ (২৭) নামের ৩ আসামি সুকৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত রাসেদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে (২৩:২৫ ঘটিকায়) বেলাইচন্ডী বাজার এলাকা সংলগ্ন জনৈক শহিদুল ইসলামের বসতবাড়িতে দ্বিতীয় অভিযান চালায় ডিবি পুলিশ। উক্ত স্থান থেকে ২ নম্বর আসামি মো. সাইফুল ইসলাম (২৮)-কে চাবিসহ ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি চোরাই বাজাজ ডিসকাভার মোটরসাইকেল ও ১টি স্মার্ট মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ও পলাতক আসামিরা স্বীকার করেছে যে, তারা দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে সুকৌশলে মোটরসাইকেলগুলো চুরি করেছিল।
এ বিষয়ে ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকা টাইমস/৪নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










