মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.)
আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গচিহাটা এলাকায় ন্যাশনাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় রানাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, আহত শাহরিয়ার জামান রানা (৫০) সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঘটনার আগে রানা গচিহাটা কলেজের ভেতরে কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে সেখানে থাকা চার-পাঁচজনের মধ্যে একজনকে তিনি চড়-থাপ্পড় মারেন। এর জের ধরে পূর্বধুলদিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৫) তাকে ছুরিকাঘাত করেন।
এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













