টেকনাফে সিএনজি থেকে ৭০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ নভেম্বর) রাত একটার দিকে টেকনাফ থানার বড়ইতলি এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়ইতলি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক পাচারের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবা ও অটোরিকশার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













