৪ কোটি ৯১ লাখ টাকা মূল্যের স্বর্ণের ডিম আটক, দাম না পেয়ে আবুধাবি ফেরত যাচ্ছিল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৪
অ- অ+

আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে আবারও বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় পৃথক দুটি অভিযানে ৬টি স্বর্ণের ডিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক স্বর্ণের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এ ঘটনা উদ্ঘাটন করা হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকা ওই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে অফলোড করা হয়।

পরে কাস্টমস গোয়েন্দাদের তৎপরতায় ওই যাত্রীর সহযোগিতায় ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।

অন্যদিকে, একই অভিযানের অংশ হিসেবে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এসব স্বর্ণের ডিমের ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, স্বর্ণের ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।

(ঢাকাটাইমস/০২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২
দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, যান চলাচল বন্ধ