ট্রাম্পের বাসভবনের সামনে বিধ্বস্ত জেট বিমান, নিহত ৯ আরোহী

ট্রাম্পের বাসভবনের সামনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে এর ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল। খবর আল জাজিরা’র।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তে সহায়তা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। সাংবাদিকদের তিনি বলেন, বিমানটি ক্ষেপণাস্ত্রের মতো নিচে নেমে এসে রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি করেছে। তবে দুর্ঘটনায় মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি।
উড্ডয়ন পর্যবেক্ষণকারী সংস্থা লাইভএটিসি ডট নেটের সংগৃহীত ককপিটের কথোপকথনের রেকর্ডিংয়ে দুর্ঘটনার আগমুহূর্তের পরিস্থিতি উঠে এসেছে। এতে পাইলটকে বিমানের নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে এমন বরফ জমার সমস্যার কথা বলতে শোনা যায়। এরপর বিমানটি দ্রুত উচ্চতা হারাতে থাকলে আতঙ্কিত ক্রুদের বলতে শোনা যায়, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লিয়ারজেট ৬০ মডেলের বিমানটিকে তীব্র গতিতে খাড়া কোণে মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। এরপরই সেখানে বিশাল বিস্ফোরণ ঘটে।
বিমানটি ব্যক্তিগত ব্যবসায়িক জেট হওয়ায় এতে কারা ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও আরোহীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
দুর্ঘটনার কারণ এবং বিমানটিতে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।
(ঢাকাটাইমস/০২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











