যুক্তরাষ্ট্রে বসে ঢাকার ওয়ারীতে কুশের ল্যাব পরিচালনা, মূলহোতা তৌসিফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৮:১৮| আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৮:২১
অ- অ+

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে বিশেষায়িত ল্যাব স্থাপন করে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষের ঘটনায় আলোচিত তৌসিফ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যুক্তরাষ্ট্রের নাগরিক তৌসিফ ওই ল্যাবের মূলহোতা। বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তিনি।

রবিবার সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ওয়ারী থানার র‍্যাংকিন স্ট্রিটে নিজের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

অভিযানের নেতৃত্বে থাকা ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনায় অনুসন্ধান করতে গিয়ে তৌসিফের বাসার সন্ধান পান তারা। পরে সেখানে অভিযান চালিয়ে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাব পাওয়া যায়।

ওই ল্যাব থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগ্রহ করা কুশ, চাষের বিভিন্ন সরঞ্জাম, সিসা সেবনের উপকরণ ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষেও একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

মেহেদী হাসান আরও জানান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে তৌসিফ কুশ চাষের কৌশল শেখেন। পরে দেশে ফিরে নিজের বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে এই মাদক চাষ শুরু করেন। বিদেশে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম দেখভাল করতেন তিনি। এ কাজে তার এক বান্ধবী সহযোগিতা করতেন বলে তদন্তে উঠে এসেছে।

একই সময়ে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২টি ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়। ডিএনসির অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তৌসিফের বান্ধবী ও বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। ওই মামলায় তৌসিফকে পলাতক আসামি করা হয়েছিল।

ডিএনসি জানায়, দীর্ঘদিন ধরে তৌসিফকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে তিনি দেশে ফেরার পর আজ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ডোপ টেস্ট করা হলে তার শরীরে মেথামফেটামিন ও ক্যানাবিনয়েডের উপস্থিতি পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিএনসি। তার মাদক সংশ্লিষ্টতা এবং মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস সম্পর্কে অনুসন্ধান চলছে।

উদ্ধার করা ইয়াবা ও গাঁজা নিজের হেফাজতে রাখার অভিযোগে তৌসিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওয়ারী থানায় নতুন মামলা করা হয়েছে। পাশাপাশি কুশ ল্যাবের ঘটনায় করা আগের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ার আল্লামের তাকিয়া কলেজের একমাত্র পরীক্ষার্থীও পাস করেননি
অনৈতিক কর্মকাণ্ডের অভিযুক্ত জামায়াত নেতার বসতঘর ভাঙচুর
ডিএমএফের সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক
বেকারত্ব বাড়লে অপরাধ ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে: সাইফুল হক