নিবন্ধন ছাড়া চলবে না অটোরিকশা, মহাসড়ক ও প্রধান বাস রুটে নিষিদ্ধ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১২:২৭
অ- অ+

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ অটোরিকশার নিবন্ধন, নবায়ন, ফিটনেস, গতিসীমা ও চলাচলের নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (১ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই বিধিমালা বাস্তবায়ন করা হচ্ছে।

নতুন বিধিমালার মূল লক্ষ্য সড়কে শৃঙ্খলা ফেরানো, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ চার্জিং ও যত্রতত্র অটোরিকশা চলাচল বন্ধ করা। বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ও নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সড়কে চলতে পারবে না।

বিধিমালায় দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা। প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধন করা যাবে। নিবন্ধিত প্রতিটি ই-রিকশায় দৃশ্যমান স্থানে কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বরপ্লেট রাখতে হবে। একটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। এ সময় শেষে সেটির নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

যাত্রী নিরাপত্তায় ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে চলতে হবে।

নতুন বিধিমালায় যেসব সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, উড়াল এক্সপ্রেসওয়ে, প্রধান বাস রুট ও ফুটপাত। এ ছাড়া প্রশাসন যেসব সড়ককে নিষিদ্ধ ঘোষণা করবে, সেখানেও অটোরিকশা চলতে পারবে না।

এক সিটি করপোরেশনে নিবন্ধিত অটোরিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ব্যাপক সংঘর্ষ
অবশেষে জামিন পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার