ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষ নিরসন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
গাজীপুর জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
জেলার চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।
এসব এলাকায় শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী মোতায়েনের সংখ্যা বাড়ানো হবে।
তিনি আরও জানান, কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবেন।
(ঢাকাটাইমস/০১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













