দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ২১:০৫
অ- অ+

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আবারও তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। নির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং নির্বাচনী এজেন্ট ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড় ঘুরে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে দেলাওয়ার হোসেন বলেন, এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে কীভাবে জালিয়াতি হয়েছে, তা প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এ জন্য তিনি নির্বাচন কমিশনের পদত্যাগের পাশাপাশি প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোরপূর্বক ফলাফল তৈরি করা হয়েছে, যা দেশের গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায়। নির্বাচনে সংঘটিত অনিয়ম ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি
যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
জন্মদিনের বর্ণাঢ্য `আড্ডা'য় সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত কাদের গনি চৌধুরী