তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের চার দিনের রিমান্ড

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে দুপুর সোয়া দুইটার দিকে পুলিশের গাড়িতে করে দীপকে আদালতে নেওয়া হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্তের স্বার্থে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন আদালতে এ আবেদন করেন।
রিমান্ড আবেদনে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত উদ্ধার, নিহত তাহসিফের মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণের জন্য দীপকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানী শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। পরে তাহসিফের বন্ধু দীপকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এর আগে গত বুধবার বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নৌ-পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের তিন দিন পর তাহসিফের বাবা হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছে নৌ-পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













