আজকের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ, না মানলে বরাদ্দ বাতিল

সরকারি বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। বরাদ্দ পাওয়া বাসার কোনো অংশ বা পুরোটা অন্যের কাছে ভাড়া দেওয়া ব্যক্তিদের আজ শনিবার (৩১ অক্টোবর) মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই বাসার বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পরিদর্শনে দেখা গেছে, বরাদ্দ পাওয়া কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদের বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।
এ অবস্থায় যারা সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা অন্যের কাছে ভাড়া দিয়েছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাদের সরিয়ে দিতে বলা হয়েছে। একই সঙ্গে বরাদ্দ পাওয়া ব্যক্তিকেই সংশ্লিষ্ট বাসায় বসবাস নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তর সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী বরাদ্দ বাতিল করা হবে। এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত নোটিশ দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট বরাদ্দগ্রহীতার দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












