ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে, আবারও বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ কীভাবে বা কত দিনের মধ্যে শেষ হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। ট্রাম্প বলেছেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
ক্যানসাস সিটির রেডিও স্টেশন কেসিএমওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধ খুব দ্রুতই গুটিয়ে আনা হবে। তবে এ ক্ষেত্রে একটি বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রয়োজন, আর তা হলো ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতিতে নতুন করে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একই সঙ্গে সামরিক ও কূটনৈতিক—দুই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে কয়েকটি বড় ধরনের হামলার পরিকল্পনা বিবেচনা করছেন ট্রাম্প। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন একটি প্রস্তাবিত শান্তি কাঠামোর মাধ্যমে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও সমঝোতার পথ খুঁজছেন।
ফলে একদিকে যুদ্ধ দ্রুত শেষ করার কথা বলছেন ট্রাম্প, অন্যদিকে নতুন সামরিক অভিযানের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। তবে ইরানের সঙ্গে সংঘাতের অবসানে ওয়াশিংটন শেষ পর্যন্ত কোন পথে এগোবে, তা এখনো স্পষ্ট নয়।
আল জাজিরা
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













