সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন মানুষের মৌলিক অধিকারের ঊর্ধ্বে হতে পারে না: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১৭:১৫
অ- অ+

সার্বভৌমত্ব কিংবা রাষ্ট্রীয় আইন—কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী।

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।

প্রধান বিচারপতি বলেন, বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের প্রচলিত কঠোর ধারণা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। কোনো সমস্যা এখন আর একটি নির্দিষ্ট ভূখণ্ডের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই সার্বভৌমত্বের অর্থ শুধু একটি রাষ্ট্রের নিজস্ব ইচ্ছায় চলার স্বাধীনতা নয়, বরং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়ার দায়িত্বও।

তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনের আলোচনা থেকে বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানের একটি কার্যকর রূপরেখা উঠে আসবে।

প্রধান বিচারপতি আরও বলেন, বিভিন্ন অঞ্চল ও পটভূমির পেশাজীবীদের মধ্যে আলোচনা, গবেষণালব্ধ ফলাফল বিনিময় এবং সার্বভৌমত্বের পরিবর্তনশীল প্রকৃতি নিয়ে মতবিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ সম্মেলন। মানবিক মর্যাদা রক্ষা এবং ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে আইনের ভূমিকা নিয়েও এখানে আলোচনা হবে।

এ সম্মেলন সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা, মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও আইনের শাসন নিয়ে আরও গবেষণায় উৎসাহ জোগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইনের ধারণা পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বিশ্বায়ন, সশস্ত্র সংঘাত, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অসমতা ও পরিবর্তনশীল আন্তর্জাতিক সম্পর্ক নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ খুঁজে বের করতে অ্যাকাডেমিক আলোচনা এবং আন্তবিভাগীয় গবেষণা অত্যন্ত জরুরি। এ সম্মেলন থেকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনে চারটি অ্যাকাডেমিক সেশনে মোট ১২৪টি গবেষণাপত্র উপস্থাপনের কথা রয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী এস এম রিদওয়ান জুনায়েদ ও তাসনিম তাইয়েবা। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক ড. বেগম আসমা সিদ্দীকা। ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, বিচারক, আইনজীবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
কর্মদক্ষতার ভিত্তিতে পুরস্কৃত হলেন ট্রাফিক গুলশান বিভাগের ১১ পুলিশ সদস্য
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী