তাহসিফের মৃত্যুরহস্যে মিলল নতুন ক্লু, বাইকটি কার খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১৪:২৭
অ- অ+

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে নতুন সূত্রের সন্ধান করছে পুলিশ। রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় ছায়াতদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পিবিআই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে নেওয়া হয়। ঘটনার আগে তাহসিফ ও দ্বীপ একসঙ্গে ছিলেন। তাঁরা কোথায় গিয়েছিলেন, কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাঁদের সর্বশেষ গতিবিধি কী ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তবে দ্বীপকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে পিবিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজারবস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সেটির মালিকানা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। মোটরসাইকেলটি তাহসিফের হলে তাঁর নিখোঁজ হওয়া এবং নদীর ঘাটে পৌঁছানোর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

নৌ পুলিশ এ ঘটনায় মূল তদন্ত পরিচালনা করছে। পাশাপাশি পিবিআই ও পুলিশের অন্যান্য ইউনিট কারিগরি সহায়তা এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

যেভাবে নিখোঁজ হন তাহসিফ

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন তাহসিফ। এর আগে আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ তাঁর বাসায় যান। পরে দুজনকে আলাদা দুটি মোটরসাইকেলে করে বের হতে দেখা যায়।

পরিবারের দাবি, দ্বীপের ডাকেই বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরদিন বুধবার বিকাল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। হাতের ঘড়ি ও পকেটে থাকা আইফোন দেখে স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাহসিফের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক সুরতহালে তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাক দিয়ে রক্ত বের হওয়া এবং পেট ফোলা থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, কে এম তাহসিফ সৌরি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি আলোচনায় আসেন। পরে তাকে বিমানবাহিনী থেকে বরখাস্ত করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শরীফের চাকরি ফেরানো থেকে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিজের রায়ের বিবরণ দিলেন সাবেক বিচারপতি
মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর ২১২ অভিযান, ৫৭০ কেজি ইলিশ জব্দ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
২০২৭ সালের দুই ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল