জনবান্ধব ট্রাফিক ব্যবস্থায় জোর, উত্তরা বিভাগে পুরস্কৃত ১২ পুলিশ সদস্য

জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা ও সড়কে দায়িত্ব পালনকালে সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান হোসেন। এছাড়া সেপ্টেম্বর মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ট্রাফিক উত্তরা বিভাগের ১২ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরার সি শেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি প্যালেসে ট্রাফিক উত্তরা বিভাগের মাসিক কল্যাণ সভায় পুরস্কার তুলে দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ডিসি মো. শাহজাহান হোসেন।
সেপ্টেম্বর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে কনস্টেবল থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পদমর্যাদার সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এতে শ্রেষ্ঠ টিআই নির্বাচিত হয়েছেন মো. সুজাহ উদ্দিন, শ্রেষ্ঠ সার্জেন্ট মারুফ হোসেন ভূঁইয়া এবং শ্রেষ্ঠ কনস্টেবল মো. নজরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও নয়জন সদস্যকে পুরস্কার দেওয়া হয়।
কল্যাণ সভায় কনস্টেবল থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তাদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা হয়। এ সময় উত্তরার সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, জনসাধারণকে উন্নত ট্রাফিক সেবা দেওয়া এবং দায়িত্ব পালনকালে সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ডিসি মো. শাহজাহান হোসেন জনসাধারণের জন্য জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দায়িত্ব পালনের সময় নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্ব দেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













