শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ: ডেপুটি স্পিকার

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১৯:২২
অ- অ+

শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে আধুনিক, মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ।

বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের পথিকৃৎ। পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি তাদের নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিসিএস কর্মকর্তা ও রাজনীতিবিদসহ বিভিন্ন পেশায় যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। এ জন্য তাদের যোগ্যতা, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো জরুরি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের সাহস, দেশপ্রেম ও দায়িত্ববোধ বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষাঙ্গনকে শুধু জ্ঞান অর্জনের স্থান হিসেবে বিবেচনা না করে সুনাগরিক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন কায়সার কামাল। তিনি বলেন, সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাবে কিশোর গ্যাং ও মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা বিস্তার লাভ করছে। এসব সমস্যা থেকে তরুণদের দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে। মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের প্রতিও শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক চেতনার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের আচরণ, দায়িত্ববোধ ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও মুক্তবুদ্ধির চর্চাকে উৎসাহিত করা জরুরি। শিক্ষাঙ্গনে সুস্থ বিতর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক মতবিনিময়ের পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

ডেপুটি স্পিকার বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে জাতীয় ভাবনায় উদ্বুদ্ধ করতে হবে। দেশ গঠনের প্রক্রিয়ায় শিক্ষার্থীদের চিন্তা, মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তাদের সম্পৃক্ত করা প্রয়োজন।

দুর্নীতিকে বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান বাধা উল্লেখ করে কায়সার কামাল বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সমাজের সর্বস্তরে সততা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইভটিজিংসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আধুনিক, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের সাফল্যের দিকে তোমাদের বাবা-মায়ের পাশাপাশি দেশ ও জাতিও তাকিয়ে আছে। নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলো। আসুন, সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।’

জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. জি কে গউছ এবং পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। এ ছাড়া প্রফেসর মোহাম্মদ আবদুল মজীদ, আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৭
অপরাধ সংঘটনের আগেই ঝুঁকি চিহ্নিত করে ব্যবস্থা নিতে বললেন ঢাকা রেঞ্জের ডিআইজি
মেঘনায় গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
নভেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম