কোটা জালিয়াতির অভিযোগ, তিন উপসচিব ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১৬:৩৬
অ- অ+

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল বুধবার রাতে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওএসডি হওয়া তিন কর্মকর্তা হলেন– জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক।

এই তিন কর্মকর্তা ২৯তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন। সরকারি নথিতে তাদের মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়ার তথ্য থাকলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, বিসিএস পরীক্ষার সময় তাদের কেউই মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৯তম বিসিএসে নিয়োগের প্রথম গেজেট প্রকাশিত হয় ২০১১ সালের ১০ জুলাই। ওই গেজেটে প্রশাসন ক্যাডারে ১৮৪ জনের নাম ছিল। সে সময় মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়ায় ১৪টি পদ শূন্য ছিল। প্রথম গেজেট প্রকাশের ১৩ মাস পর ওএসডি হওয়া এই তিন কর্মকর্তাসহ আরও কয়েকজনের নামে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও ২৯তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ নেওয়ার অভিযোগে ছয় কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে দুদক।

অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠি পাঠানোর প্রায় ছয় মাস পর ছয় কর্মকর্তার মধ্যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি তিন কর্মকর্তা পুলিশ, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের। তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, ডেঙ্গুতে আরও ৬
বংশালে সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার