চট্টগ্রামে বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নূর নাহার বেগম নামের সাবেক এক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নূর নাহার মাঝিরঘাট রোডের নূর মোহাম্মদ মাস্টার লেনে ছোট ছেলের সঙ্গে বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নূর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তার বড় ছেলেও ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনার দিন সকালে তার ছোট ছেলে কর্মস্থলে যান।
অন্যদিকে, অন্তঃসত্ত্বা পুত্রবধূ ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নূর নাহার।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পেয়ে ভাড়াটিয়ারা ভেতরে প্রবেশ করেন। এ সময় শয়নকক্ষের বিছানায় নূর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
ওসি আরও জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নূর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












