হরিণাকুণ্ডু উপজেলা শাখার এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে মো. হামিদ পারভেজ মিয়া এবং সদস্য সচিব হিসেবে মো. সাঈদ হোসেনকে দায়িত্ব দিয়ে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ঝিনাইদহ জেলা শাখার এনসিপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু, সদস্য সচিব আরেফিন কায়সার এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান স্বাক্ষরিত এক চিটিতে আগামী ছয় মাসের জন্য হরিণাকুণ্ডুর এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এই চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলার দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. রুবেল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্রাহ আল মুজাহিদ ও রাশেদ খাঁন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. মহিবুল হাসান, যুগ্ম সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ ও মো. মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. এনামুল হক, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. মুক্তার আলী।
দলীয় সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই নতুনদের এই তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন এই কমিটি অনুমোদন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে জেলা এনসিপির সদস্য সচিব আরেফিন কায়সার বলেন, হরিণাকুণ্ডু উপজেলায় জাতীয় নাগরিক পার্টির কার্যক্রমকে আরও বেগবান, শক্তিশালী ও জনমুখী করতে এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত আহ্বায়ক মো. হামিদ পারভেজ মিয়া ও মো. সাঈদ হোসেনের নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম ও জনকল্যাণমূলক কাজগুলো আরও গতিশীল রূপ লাভ করবে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে হামিদ পারভেজ মিয়া বলেন, পদ কোনো অহংকারের বিষয় নয়; এটি জনগণের প্রতি দায়িত্ববোধের প্রতীক। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হরিণাকুণ্ডুর মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও অধিকারকে বাস্তবায়ন করায় হবে আমাদের প্রধান কাজ।
(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











