তদবির নয়, মেধা ও যোগ্যতায় আনসারে নিয়োগের বাছাই

মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে ১৭ জেলার অঙ্গীভূত আনসার প্রশিক্ষণার্থী বাছাই করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বৃহস্পতিবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের ১৭ জেলার অনলাইনে আবেদন করা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী সদস্যরা এ বাছাইয়ে অংশ নেন। বাছাই কার্যক্রমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্যদের নির্বাচন করা হবে।
বাছাইয়ের শুরুতে প্রার্থীদের উচ্চতা যাচাই ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড ও স্পোর্টস মাঠে দৌড়, পুশ-আপ, সাইড জাম্প ও হাই জাম্পের মতো শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা নেওয়া হয়। এসব ধাপ উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বাহিনী জানিয়েছে, প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রার্থী নির্বাচন করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
বাছাইয়ে অংশ নেওয়া প্রার্থীরা উপজেলা বা থানা পর্যায়ে আনসার মৌলিক প্রশিক্ষণ কিংবা ভিডিপি/টিডিপি অ্যাডভান্সড কোর্স সম্পন্ন করেছেন। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার প্রার্থীরা এ কার্যক্রমে অংশ নেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ নভেম্বর খুলনা ও বরিশাল রেঞ্জের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের নিয়ে তিন মাস মেয়াদি অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু হবে।
প্রশিক্ষণ শেষে নির্বাচিত আনসার সদস্যরা বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













