কাদের গনি চৌধুরীর জন্মদিন উদযাপনে শনিবার প্রেসক্লাবে আড্ডা

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর ৫৩তম জন্মদিন ছিল আজ শুক্রবার (৩০ অক্টোবর)। জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে সহ বিভিন্ন সংগঠন, মিডিয়া হাউজ ও সাংবাদিকরা দিনভর শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
বিএফইউজের মহাসচিব ও প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাদের গনির চৌধুরীর জন্মদিন উপলক্ষে আগামীকাল শনিবার বসবে ‘আড্ডা’ শিরোনামে উদযাপন আয়োজন।।
জাতীয় প্রেসক্লাবে বেলা আড়াইটায় শুরু হবে আড্ডা। সেখানে তাকে নিয়ে আলোচনা ও শুভেচ্ছা জানাবেন তার সহকর্মী ও সাংবাদিক বন্ধু-অনুসারীরা।
আজ জন্মদিনে তাকে নিয়ে ফেসবুকে সচিত্র শুভেচ্ছা শেয়ার করেছেন অনেক সাংবাদিক নেতা। তাদের মধ্যে আছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আ্য়ুব ভূইয়া, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিযেশনের সভাপতি এ কে এম মহসীন প্রমুখ।
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, `আন্দোলন-সংগ্রামের রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন, সম্মিলিত পেশাজীবীদের নেতৃত্ব দিয়েছেন কাদের গনি চৌধুরী ভাই। তার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও সংগ্রামী অভিনন্দন।’
রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও বাসসের হেড অব নিউজ মোরসালীন নোমানী বলেন, ‘গনি ভাইয়ের হাত ধরে দৈনিক দিনকালে যোগদানের মাধ্যমে সাংবাদিকতায় এসেছি। সেজন্য তার প্রতি আমৃত্যু কৃতজ্ঞতা। আমার বর্তমান কর্মস্থল বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব কাদের গনি চৌধুরীকে বস হিসেবে অল্প দিনে যতটুকু বুঝেছি- কাজপাগল মানুষ তিনি। গনি ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’
কাদের গনি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর দেশের প্রথম সারির গণমাধ্যমে সাংবাদিকতার পাশাপাশি সম্মিলিত পেশাজীবী পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
(ঢাকাটাইমস/৩০অক্টোবর/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













