পোষা প্রাণীর চিকিৎসায় নতুন উদ্যোগ, চালু হচ্ছে প্রিসাইজ পেটল্যাবের অ্যাপ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১৯:৫৬
অ- অ+

পোষা প্রাণীর চিকিৎসাসেবা আরও সহজ করতে মোবাইল অ্যাপ চালু করছে রাজধানীর গুলশানে অবস্থিত প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেড। হাসপাতালটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে নতুন এই অ্যাপ চালু করা হচ্ছে।

অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই পোষা প্রাণীর চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালের সঙ্গে যোগাযোগ এবং প্রাণীর চিকিৎসার নথি দেখার সুযোগও থাকবে। এতে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গুলশান-২-এর ২৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ি রুবাইয়াত হাউসে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বর্ষপূর্তির এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে হাসপাতালের সুযোগ-সুবিধা ও নতুন উদ্যোগ তুলে ধরা, হাসপাতাল পরিদর্শন এবং অতিথিদের মতামত ও পরামর্শ গ্রহণের কর্মসূচি রয়েছে।

২০২৫ সালের ২৫ আগস্ট সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা চালু করে প্রিসাইজ পেটল্যাব। পোষা প্রাণীর দ্রুত রোগ নির্ণয়, জরুরি চিকিৎসা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। জরুরি সেবার সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ, উন্নত রোগ নির্ণয় এবং আন্তর্জাতিক নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে হাসপাতালটি।

প্রিসাইজ পেটল্যাবের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জারিন শম্পা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরের প্রাণী, সেটা পথের প্রাণী হোক, ঘরের পোষ্য হোক কিংবা বন্য, তাদের কল্যাণ, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আলাদা জরুরি বিভাগ নিয়ে ২৪ ঘণ্টা সেবা দেওয়া দেশের প্রথম পশুচিকিৎসা হাসপাতাল এটি। ৩০ অক্টোবর পর্যন্ত টানা ৫০৪ দিন এক মুহূর্তের জন্যও হাসপাতালটির সেবা বন্ধ হয়নি। আলাদা জরুরি বিভাগ, উন্নত আইসিইউ, অটোমেটিক ভেন্টিলেশন ও ক্রিটিক্যাল কেয়ার সুবিধা একসঙ্গে রয়েছে—দেশে এমন একমাত্র পশুচিকিৎসা হাসপাতালও এটি বলে দাবি কর্তৃপক্ষের।

১৫ হাজার বর্গফুট আয়তনের হাসপাতালটিতে চিকিৎসক রয়েছেন ৩০ জন। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরে চার হাজারের বেশি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জরুরি সেবা নিয়েছে ১ হাজার ৩৬৪টি প্রাণী। এ ছাড়া এ সময়ে ৮০০টির বেশি অস্ত্রোপচার করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ
মির্জাপুরে ট্রাক উল্টে পুকুরে পড়ল ৩০০ বস্তা ইউরিয়া সার
কলাবাগানে ফ্যানের সঙ্গে ঝুলছিল ৮ বছরের শিশুর মরদেহ
এক স্বৈরাচারকে বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম