তেজগাঁও বিভাগের ছয় থানায় ৬৩ আসামি গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিয়মিত মামলা, পুরোনো মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১১ জন, হাতিরঝিল থানায় ৬ জন এবং তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় ৪ জন করে রয়েছেন।
ডিসি মো. ইবনে মিজান বলেন, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













