এমপি আজিজের দলীয় পদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির হাইকমান্ড

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের দলীয় পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির হাইকমান্ডের ওপর ছেড়ে দিয়েছে নাটোর জেলা বিএনপি। আব্দুল আজিজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। দলের গঠনতন্ত্র অনুযায়ী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা আহ্বায়ক কমিটির নেই বলে জানিয়েছে দলটি।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।
সম্প্রতি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল হোসেন হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর পরদিন ২৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি থেকে সংসদ সদস্য আব্দুল আজিজের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় তার সংসদ সদস্য পদ ও দলীয় পদ থেকে পদত্যাগের দাবি ওঠে।
উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে শুক্রবার জরুরি বিশেষ সভা ডাকে নাটোর জেলা বিএনপি। সকাল ১০টায় জেলা পরিষদ হলরুমে শুরু হওয়া সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। প্রায় আট ঘণ্টা ধরে চলা সভায় শাকিল হত্যা মামলায় এমপি আজিজের ছেলের সংশ্লিষ্টতার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আলোচনা হয়।
সভা শেষে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, আব্দুল আজিজের বিষয়ে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে সভায় আলোচনা হয়েছে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা কমিটির নেই। তাই এ বিষয়ে যেকোনো পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দলীয় হাইকমান্ডের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।
এদিকে শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ডিবি পুলিশ। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসানের কাছে এ আবেদন করেন। শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তদন্তে আরও অগ্রগতির জন্য নুরুজ্জামান মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করে সংসদ সদস্য আব্দুল আজিজের পক্ষে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












