নরসিংদীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্বপাশে আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার আড়িয়াল খাঁ নদের তীরে হলুদ রঙের একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অর্ধগলিত লাশটিটি উদ্ধার করে।
লাশের দুই হাত স্কচটেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন সহ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মুখ ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশ নদীর তীরে ফেলে যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলে রাখা হয়েছে।
(ঢাকা টাইমস/৩১অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











