পরিবারের পাশে থাকার আশ্বাস অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের

তাহসিফের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি রাওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫৬
অ- অ+

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রাওয়ার নেতারা। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁরা এ ঘটনায় করণীয় এবং তাঁদের কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা জানতে চেয়েছেন।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে কথা বলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থার মধ্যে পরিবারের অনেক কিছু করার থাকলেও হয়তো করতে পারে না। আমরা তার কাছে জিজ্ঞাসা করেছি, কী কী করার আছে, আমরা কী ধরনের সাহায্য করতে পারি।

খুরশিদ আলম বলেন, তাহসিফের বাবা তাদের জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কাছে তাহসিফের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত কষ্টের উল্লেখ করে খুরশিদ আলম বলেন, তারা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছেন, অতি সত্বর সত্য উদ্ঘাটন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও জানান রাওয়ার এই নেতা।

সাক্ষাৎকালে উপস্থিত আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, এ ঘটনাকে আমরা ছেড়ে দেব না। আমরা দেখব, মনিটর করব কীভাবে এর বিচার হয় এবং ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটিত হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই এবং যারা ধরা পড়বে, তাদের বিচার চাই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে: মীর শাহে আলম
নভেম্বর-ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল
পেঁয়াজ আমদানি বন্ধ রাখাই লক্ষ্য, কৃষিতে নতুন প্রযুক্তির ঘোষণা কৃষিমন্ত্রীর
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়