সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১০:১১
অ- অ+

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ সময় বিমানবন্দরে নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে সেগুলো নওগাঁ ও নাটোরে নিহতদের গ্রামের বাড়িতে নেওয়া হবে।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে আনা হয়। বাকি সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

শনাক্ত হওয়া সাত বাংলাদেশি হলেন—নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকায় মরদেহগুলো দেশে পাঠাতে বিকল্প ব্যবস্থা নিতে হয়। প্রথমে সড়কপথে রিয়াদ থেকে জেদ্দায় নেওয়া হয় মরদেহগুলো। পরে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ সময় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান স্বজনরা।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের দাফনের জন্য প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া তিন মাস পর প্রতিটি পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালানের ইউরেনিয়াম
আস্থার রাজনীতি ও তৃণমূলের মূল্যায়ন: বিএনপির জন্য আত্মসমীক্ষার মাহেন্দ্রক্ষণ