সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-কুষ্টিয়া লংমার্চ শুরু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫
অ- অ+

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে।

উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব্যক্তিগত বা দলীয় দাবি নয়, জনগণের দাবি আদায়েই তারা রাজপথে নেমেছেন। এর আগে জনগণের সহযোগিতায় তাদের দুটি লংমার্চ সফল হয়েছে।

শফিকুর রহমান বলেন, সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন। এ দাবি মেনে নেওয়া হলে বাকি ছয়টি দাবি সামনে আসত না। বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে এবং তাদের আশাহত করেছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা কারও ছলনায় কান দিও না। আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে।’

সমাবেশে এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন ও বিভিন্ন করপোরেশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে এবং সেখান থেকে টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের প্রতি তাদের অঙ্গীকার রয়েছে এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছেন। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গণভোট অবৈধ হলে সরকার ও সংসদের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি ভুল পথে এগিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধন কমিটি গঠন করে সরকার একদলীয় শাসনের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলের কর্মীদের আহত করার ঘটনারও নিন্দা জানান তিনি।

লংমার্চের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

সমাবেশে আরও বক্তব্য দেন মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপা সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, এমপি মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।

জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক সমাবেশ সঞ্চালনা করেন।

লংমার্চের বহর পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভায় অংশ নেবে। কর্মসূচির শেষ পর্যায়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ে এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দুটি লংমার্চ করে ১১ দলীয় ঐক্য।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালানের ইউরেনিয়াম
আস্থার রাজনীতি ও তৃণমূলের মূল্যায়ন: বিএনপির জন্য আত্মসমীক্ষার মাহেন্দ্রক্ষণ
‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে জনগণ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে’
সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে