বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬
অ- অ+

ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। এতে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হতে পারে—এমন আশঙ্কায় তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স’র।

প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) লেনদেন শেষে ডিসেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। দিনের লেনদেনে একপর্যায়ে ব্রেন্টের দাম ১১৮ ডলার ছাড়িয়ে যায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ১ শতাংশ। দিন শেষে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৪ ডলার ১২ সেন্টে।

অক্টোবরজুড়েও তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। মাসটিতে ব্রেন্টের দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।

এদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ঘিরে একাধিক ঘটনার খবর সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এক দিনের মধ্যে সুপারট্যাংকার সংশ্লিষ্ট চারটি ঘটনা ঘটেছে। তাদের দাবি, ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় দুটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই নৌপথে সংঘাত বা নিরাপত্তাঝুঁকি তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালির নিরাপত্তাঝুঁকি অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালানের ইউরেনিয়াম
আস্থার রাজনীতি ও তৃণমূলের মূল্যায়ন: বিএনপির জন্য আত্মসমীক্ষার মাহেন্দ্রক্ষণ
‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে জনগণ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে’
সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে