নভেম্বর-ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:১৯
অ- অ+

নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা দেশের পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল চলতি বছরের শেষ দিকে চালু হতে যাচ্ছে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর একযোগে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।

দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা রাজশাহী শিশু হাসপাতাল চালুর বিষয়ে জানতে চাইলে এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সারা দেশে ২০০ শয্যার পাঁচটি শিশু হাসপাতাল নির্মাণ করা হয়েছে। হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের লক্ষ্যে নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে নভেম্বর-ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় একযোগে পাঁচটি হাসপাতালের উদ্বোধন ঘোষণা করবেন।

১২০০ শয্যার সুবিধা নিশ্চিত হবে রামেক হাসপাতালে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও অবকাঠামোগত সংকটের বিষয়ে এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, হাসপাতালটিতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবলের সংকট রয়েছে। ২০১৩ সালে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ করা হয়েছিল। কিন্তু সেই অনুপাতে জনবল নিয়োগ, অবকাঠামো সম্প্রসারণ কিংবা প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়নি।

তিনি বলেন, হাসপাতালে এখন যে সুযোগ-সুবিধা রয়েছে, তা মূলত ৫৫০ শয্যার উপযোগী। বিগত স্বৈরাচারী সরকার জনগণকে ধোঁকা দেওয়ার জন্যই ১ হাজার ২০০ শয্যার ঘোষণা দিয়েছিল। আমরা ১ হাজার ২০০ সাধারণ শয্যা ও ১০০ আইসিইউ শয্যার উপযোগী সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি।

এ জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, রামেক হাসপাতালসহ দেশের আরও সাতটি পুরোনো মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি শয্যাসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে।

চলতি বছরের শেষ দিকে রামেক হাসপাতালের সম্প্রসারণকাজ শুরু হবে বলে জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্তমান সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালটির চিকিৎসাসেবার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাপের কামড়ের রোগীদের জন্য আসছে অ্যান্টিভেনম

রাজশাহী অঞ্চলে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিয়ে এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, পদ্মা নদীর কারণে এ অঞ্চলে সাপের প্রাদুর্ভাব বেশি। এ কারণে হাসপাতালে সাপের কামড়ে আক্রান্ত অনেক রোগী আসেন। তবে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা অনেক সময় থাকে না।

তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যে হাসপাতালে প্রয়োজনীয় অ্যান্টিভেনম সরবরাহ করা হবে বলে তারা আশা করছেন।

ত্রুটিপূর্ণ লিফট নিয়ে তদন্ত চলছে

রামেক হাসপাতালের আইসিইউ ভবনে লিফট স্থাপন নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। সরবরাহ করা লিফটে ত্রুটি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ সেটি স্থাপন করতে দেয়নি। এতে রোগীদের দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, বিষয়টি তার জানা নেই।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম বলেন, ঘটনাটি ২০২৩ সালের। ঠিকাদার যে লিফট সরবরাহ করেছিলেন, সেটি সঠিক ছিল না বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমেও এ বিষয়ে তদন্ত হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হকসহ রামেক হাসপাতালের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষককে দায়ী করে সাতক্ষীরায় শিক্ষার্থীর আত্মহত্যা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (পাস) প্রোগ্রামের কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়নের কাজ শুরু
বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে: মীর শাহে আলম
পেঁয়াজ আমদানি বন্ধ রাখাই লক্ষ্য, কৃষিতে নতুন প্রযুক্তির ঘোষণা কৃষিমন্ত্রীর