রাজবাড়ীতে ১৩ লাখ টাকার উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর কালুখালীতে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. সাইদুল সরদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল।
শনিবার এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তার সাইদুল সরদারের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোলে। তার বাবার নাম মৃত জব্বার সরদার। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত পাঁচটি মামলার এজাহার রয়েছে।
এসআরবির দাবি, সাইদুল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













