মালয়েশিয়াগামী কর্মীদের জন্য মেডিকেল ফি নির্ধারণ, দালাল থেকে সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৫৩
অ- অ+

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জনপ্রতি ৮ হাজার টাকার বেশি দেওয়া যাবে না। এ ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

এ ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ দেওয়া এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে, কর্মীদের হয়রানি করলে বা কোনো ধরনের তালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ধরনের অভিযোগ [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানো যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। এ বিষয়ে কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে মন্ত্রণালয়। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির
তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের চার দিনের রিমান্ড