দেশে প্রথম এআই প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে দেশে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’। চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো ধরনের দৃশ্য কর্তন ছাড়াই প্রদর্শনের অনুমতি পেয়েছে।
পরিচালক মাবরুর রশিদ বান্নাহ জানিয়েছেন, আগামী শনিবার ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।
বান্নাহ বলেন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির প্রশংসা করেছেন এবং কোনো কাটছাঁট ছাড়াই প্রদর্শনের অনুমতি দিয়েছেন।
‘গ্যাপ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলমসহ অনেকে।
চলচ্চিত্রটি নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরে বান্নাহ বলেন, ‘গ্যাপ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি সাহসী পরীক্ষা। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকেই বিষয়টিকে অসম্ভব মনে করেছিলেন। তবে আন্তর্জাতিক মানের এআই টুলস ব্যবহার করে প্রতিটি ফ্রেম নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তারা।
তিনি আরও বলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো দৃশ্য কর্তন ছাড়াই ‘আনকাট’ ছাড়পত্র পাওয়া তাদের জন্য বড় স্বীকৃতি।
পরিচালক জানান, চলচ্চিত্রটির চিত্রনাট্য, অ্যানিমেশন, আবহসংগীত ও ভিজ্যুয়াল ইফেক্টসের বড় একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।
‘গ্যাপ’ প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।
(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













